শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে চর্চা! দেব-শুভশ্রীর রোম্যান্সে উত্তাল নেটপাড়া
**কলকাতা:** দেব-শুভশ্রীর জুটি মানেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা। দীর্ঘদিন পর ফের পর্দায় একসঙ্গে এই জুটিকে দেখতে চলেছেন অনুরাগীরা। আর মুক্তির আগে একের পর এক চমক ঘিরে বাড়ছে উত্তেজনা। এবার ছবির নতুন গান **‘আমার সবকিছুতেই’** প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য।
ছবির চতুর্থ গানটিতে দেব-শুভশ্রীর রসায়ন নজর কেড়েছে। গানটির কণ্ঠে রয়েছেন জিৎ গাঙ্গুলি। ফলে পুরনো দেব-শুভশ্রী জুটির সঙ্গে জিৎ গাঙ্গুলির সংগীতের সেই জনপ্রিয় যোগসূত্রও নতুন করে মনে করিয়ে দিয়েছে দর্শকদের।
তবে গানটির একটি বিশেষ দৃশ্য নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চা। কালো শাড়িতে শুভশ্রী এবং কালো শার্ট-ট্রাউজারে দেব—লাদাখের পাহাড়ি পরিবেশে দু’জনের রোম্যান্স ধরা পড়েছে গানের ভিডিওতে। এরই মধ্যে শুভশ্রীর গলার কাছে দেখা যাওয়া একটি **লালচে দাগ** ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
অনেকেই সেটিকে ‘লাভ বাইট’ বলে মনে করছেন। বিশেষ করে গানের প্রায় ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের দৃশ্যটি নজর কেড়েছে নেটিজেনদের। সেই সময় গানের কথায় শোনা যায়, **‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’** আর ঠিক সেই মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে শুভশ্রীর গলার ওই লালচে ছাপ।
যদিও সেটি সত্যিই ‘লাভ বাইট’ কি না, তা নিয়ে ছবির নির্মাতাদের তরফে কোনও নিশ্চিত বক্তব্য সামনে আসেনি। ফলে বিষয়টি নিয়েই চলছে নানা জল্পনা। কেউ এটিকে নিছক পর্দার রোম্যান্টিক দৃশ্য হিসেবে দেখছেন, আবার কেউ গানের কথার সঙ্গে ওই দৃশ্যের গভীর যোগ খুঁজে পাচ্ছেন।
দেব-শুভশ্রীর অনস্ক্রিন ঘনিষ্ঠতা অবশ্য এর আগেও আলোচনায় এসেছে। আগরতলায় ছবির প্রচারে গিয়ে দেবের শুভশ্রীকে গালে চুম্বন করার মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার নতুন গানের এই দৃশ্য সেই চর্চাতেই যেন আরও ইন্ধন জোগাল।
আগামী **১৬ অক্টোবর** প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দেশু৭’-এর। মুক্তির আগে দেশু ট্যুরে ছবির প্রচারে ব্যস্ত দেব ও শুভশ্রী। আগরতলা, শ্রীরামপুর ও শিলিগুড়িতে ইতিমধ্যেই প্রচার সেরে ফেলেছেন তাঁরা। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে দর্শক ও অনুরাগীদের উচ্ছ্বাসও চোখে পড়ছে।
মুক্তির আগেই দেব-শুভশ্রীর রসায়ন নিয়ে যে ভাবে চর্চা শুরু হয়েছে, তাতে ‘দেশু৭’ ঘিরে দর্শকদের আগ্রহ যে ক্রমশ বাড়ছে, তা বলাই যায়।