কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোয় গেরুয়া ছোঁয়া! নীলের বদলে নতুন রং, ১৬ ডিসেম্বর থেকে শুরু ৩২তম KIFF
**কলকাতা:** রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলের ছোঁয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। এতদিন নীল রঙে পরিচিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) লোগোয় এবার এসেছে গেরুয়া রং। রবিবার, ১ নভেম্বর নন্দনে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো। নতুন লোগোর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, জিৎ, রুদ্রনীল ঘোষ, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী-সহ টলিউডের একাধিক পরিচিত মুখ। এবারের উৎসবের লোগো ডিজাইন করেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র তথা পরিচালক সন্দীপ রায়।
রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রথম নতুন সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। বিজয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও থাকছে বিশেষ চমক। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হওয়ার কথা। উৎসবের থিম সং তৈরি করেছেন রাতুল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকছেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
অতিথি তালিকাতেও থাকছে চমক। বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, কঙ্গনা রানাওয়াত, অনুরাগ বসু এবং মধুর ভান্ডারকর। পাশাপাশি হলিউডের এক অভিনেত্রীর উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। তবে তাঁর নাম ও উপস্থিতি এখনও চূড়ান্ত না হওয়ায় তা প্রকাশ করা হয়নি।
প্রতি বছরই দেশ-বিদেশের বিভিন্ন ভাষার সিনেমা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবার রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের আমলে উৎসবের আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সিনে মহলে। লোগোর রং পরিবর্তন থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন—সব মিলিয়ে ৩২তম KIFF কতটা নতুন চমক নিয়ে হাজির হয়, এখন সেদিকেই নজর চলচ্চিত্রপ্রেমীদের।