জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার মোথাবাড়ি! পিটিয়ে খুনের অভিযোগ, মৃত ১, আহত এসএসবি জওয়ান-সহ ৩
**মালদা:** জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তাক্ত মালদার মোথাবাড়ি। জমিতে চাষ করতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন এসএসবি জওয়ান-সহ মোট চারজন। আহতদের মধ্যে দু'জন বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত হামিদপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা তথা পেশায় এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদবের অভিযোগ, তাঁদের প্রায় ৫০ বিঘা পৈতৃক জমি রয়েছে। পাশাপাশি প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তির একাংশও কিছু দুষ্কৃতী জোর করে দখল করে রেখেছে বলে অভিযোগ। জমি দখলমুক্ত করার জন্য বিভিন্ন মহলে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর।
অভিযোগ, রবিবার দুপুরে কৃষকদের নিয়ে ওই জমিতে চাষ করতে যান শশাঙ্ক শেখর যাদব। সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর। এই ঘটনায় মোট চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবচরণ মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত এসএসবি জওয়ান শশাঙ্ক শেখর যাদব এবং কৃষক উজ্জ্বল মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই ১৩ জনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত সনাতন মণ্ডল ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের ভূমিকা এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।