বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম বিধায়ক চিকিৎসাধীন
**মুর্শিদাবাদ:** সামশেরগঞ্জের ডাকবাংলা এলাকায় সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার দুপুরে আচমকাই আগুন লাগে বিধায়কের বাড়িতে। ওই বাড়িতেই তাঁদের পৈতৃক বিড়ি ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে বাড়ি ও আশপাশের এলাকা থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক বায়রন বিশ্বাস। অগ্নিকাণ্ডের জেরে তিনিও জখম হন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে বাড়ির কতটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা দমকল ও প্রশাসনের তদন্তের পরই পরিষ্কার হবে।