৭ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
শান্তিপুরে বেহাল রাস্তা ও নিকাশি সমস্যায় ক্ষোভ, বাঁশ দিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের কলকাতা বিমানবন্দরে কোটি টাকার সোনা-হীরা-চুনী-পান্না পাচারের চেষ্টা, গ্রেফতার রাজস্থানের যুবক দু’হাতে বাড়ি তৈরির আর্থিক সহায়তা! ১০ লক্ষের দ্বিতীয় কিস্তি, আবাস প্লাসে চিহ্নিত আরও ২০ লক্ষ পরিবার ২৫ কোটির প্রতিশ্রুতি, পরপর চেক বাউন্স! মহামেডান স্পোর্টিংয়ের সভাপতির পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর গাজোলে দুই মোটরসাইকেল আরোহী আটক, দুটি ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা
পশ্চিমবঙ্গ

শান্তিপুরে বেহাল রাস্তা ও নিকাশি সমস্যায় ক্ষোভ, বাঁশ দিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের

লিখেছেন Editor - Bengal News Net ২ বার পঠিত ৩ মিনিটের পড়া
শান্তিপুরে বেহাল রাস্তা ও নিকাশি সমস্যায় ক্ষোভ, বাঁশ দিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের

**শান্তিপুর:** দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে শান্তিপুর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অদ্বৈত পাট ও স্টেশন সংলগ্ন রাস্তা। বিশেষ করে শান্তিপুরের ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় নিকাশি নালা না থাকায় বর্ষার সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তা ও নিকাশি সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার জানানো হলেও এতদিন সমস্যার স্থায়ী সমাধান হয়নি।


স্থানীয়দের দাবি, আগের সরকারের আমলে এলাকার তৎকালীন তৃণমূল বিধায়ক এবং পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে একাধিকবার সমস্যার কথা জানানো হয়েছিল। এমনকি লিখিতভাবেও আবেদন করা হয়েছিল। নিকাশি নালা তৈরির আশ্বাসও দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু অভিযোগ, পাশের একটি গলিতে নিকাশি ব্যবস্থা তৈরি হলেও মূল সমস্যার জায়গায় এখনও সেই কাজ হয়নি।


এর জেরে ক্ষোভ ক্রমশ জমছিল এলাকার মানুষের মধ্যে। অবশেষে রাস্তা তৈরির দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার শান্তিপুর ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপর বাঁশ দিয়ে সাময়িকভাবে অবরোধ তৈরি করা হয়। প্রায় আট ঘণ্টা ধরে চলে এই প্রতিবাদ কর্মসূচি।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। পাশাপাশি স্থানীয় মানুষের সমস্যার কথা জানতে ঘটনাস্থলে আসেন ১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। কাউন্সিলরের কাছে দ্রুত রাস্তা ও নিকাশি সমস্যার সমাধানের আবেদন জানান বাসিন্দারা।


এরপর কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, স্থানীয় মানুষের দাবি সম্পূর্ণ যুক্তিসঙ্গত। তাঁর অভিযোগ, আগের পুরবোর্ডের সময়ে নিকাশি নালা তৈরির বিষয়টি নিয়ে স্থানীয় মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। সেই সময় তৎকালীন বিধায়কের প্রভাবও ছিল বলে দাবি করেন তিনি। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং মানুষের সমস্যার সমাধানে তিনি উদ্যোগী হবেন বলে আশ্বাস দেন।


কাউন্সিলর জানান, পুরসভায় ইতিমধ্যেই অনুমোদিত নিকাশি নালার প্রকল্পের হিসাব তিনি আগামী বিওসি (বোর্ড অফ কাউন্সিলরস) বৈঠকে খতিয়ে দেখবেন। পাশাপাশি ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্প ঘিরে এলাকায় যদি কোনও অনিয়ম হয়ে থাকে, সেই বিষয়েও হিসাব নেওয়া হবে বলে জানান তিনি।


তাঁর স্পষ্ট বক্তব্য, অন্য কোনও তহবিলের দিকে তাকিয়ে না থেকে পুরসভার অনুমোদিত তহবিল থেকেই রাস্তা ও নিকাশি সমস্যার সমাধান করতে হবে। এই কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাস দেন কাউন্সিলর।


কাউন্সিলরের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। তবে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।


অন্যদিকে, কাউন্সিলর স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করে বলেন, রাস্তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কারণ এই রাস্তা দিয়ে নিয়মবহির্ভূতভাবে অত্যন্ত ভারী যানবাহন চলাচল করে। ফলে রাস্তা তৈরি হলেও অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ না করা গেলে ফের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


দীর্ঘদিনের রাস্তা ও নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস পাওয়ার পর এখন প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় শান্তিপুর ২ নম্বর রেলগেট এলাকার বাসিন্দারা।

সম্পর্কিত খবর