২৮ আগস্ট ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা! রেললাইনে প্রাইভেট গাড়িকে ধাক্কা ট্রেনের ইঞ্জিনের, আহত ৩ ফাঁসিদেওয়ায় ১৪ চাকার ট্রাক থেকে উদ্ধার ২২টি মহিষের বাছুর, গ্রেফতার চালক মালদায় বধূকে গলা কেটে খুনের অভিযোগ! বৌদির সঙ্গে সম্পর্কের সন্দেহে স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু স্বামী-স্ত্রীর, ভরতপুরে শোকের ছায়া সীমান্তে সম্প্রীতির রাখি! বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে নদিয়ার গেদে
পশ্চিমবঙ্গ

সীমান্তে সম্প্রীতির রাখি! বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে নদিয়ার গেদে

লিখেছেন Editor - Bengal News Net ৪ বার পঠিত ৩ মিনিটের পড়া
সীমান্তে সম্প্রীতির রাখি! বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে নদিয়ার গেদে

**নদিয়া:** রাখি বন্ধন উৎসবের দিনে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য ছবি ধরা পড়ল নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে। কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাঁদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন এলাকার মহিলারা। শুধু ভারতীয় নাগরিকরাই নন, বাংলাদেশ থেকে আসা নাগরিকদের হাতেও রাখি পরিয়ে দেওয়া হয়। ফলে রাখি বন্ধন উৎসব কার্যত দুই বাংলার সম্প্রীতির মিলন উৎসবে পরিণত হয়।


শুক্রবার সকাল থেকেই গেদে সীমান্তে শুরু হয় রাখি বন্ধন উৎসব। দেশের সীমান্ত রক্ষায় দিনরাত কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন নদিয়া তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা। তাঁদের কপালে তিলক পরিয়ে মিষ্টিমুখও করানো হয়। দীর্ঘদিন পরিবার-পরিজন থেকে দূরে থেকে দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে এইভাবেই আবেগের বন্ধনে জড়িয়ে পড়েন তাঁরা।


নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার গেদে। সীমান্তের বিস্তীর্ণ এলাকা কাঁটাতারের বেড়ায় ঘেরা। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের নিরাপত্তায় নিয়োজিত থাকেন বিএসএফ জওয়ানরা। তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।


এই অনুষ্ঠানে অংশ নেওয়া লাবনী মজুমদার বলেন, **“রাখি বন্ধন ভারতের কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম ঐতিহ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বাংলায় রাখি বন্ধন উৎসবের বিশেষ তাৎপর্য তৈরি হয়েছিল। আজ বিএসএফ জওয়ান এবং বাংলাদেশ থেকে আসা নাগরিকদের হাতে রাখি পরিয়ে দুই দেশের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে।”**


অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক আশীষ কুমার বিশ্বাস বলেন, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানরা তাঁদের পরিবার-পরিজন থেকে দূরে থাকেন। তাঁদের যাতে পরিবারের অভাব অনুভূত না হয়, সেই ভাবনা থেকেই এলাকার পাশাপাশি জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসে জওয়ানদের হাতে রাখি পরিয়েছেন। এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত বলেও জানান।


অন্যদিকে, বাংলাদেশ থেকে আসা নাগরিক আসিফ শেখ এই অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের আনন্দের কথা জানান। তাঁর কথায়, **“এই ধরনের সংস্কৃতি বাংলাদেশে নেই। ভারতে এসে এখানকার মহিলারা আমাকে ভাই বলে রাখি পরিয়ে দিয়েছেন, মিষ্টিমুখ করিয়েছেন। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে।”**


সীমান্তের বাসিন্দা জোটের বক্সও এই অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, অসুস্থ থাকা সত্ত্বেও বোনেরা তাঁকে রাখি পরিয়েছেন, যা তাঁর কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আগামী বছরও যেন একইভাবে বোনেরা এসে তাঁদের হাতে রাখি পরিয়ে দেন, সেই আবেদনও জানান তিনি।


রাখি বন্ধনের এই অনুষ্ঠান ঘিরে গেদে সীমান্তে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ধর্ম-বর্ণ ও দেশের সীমারেখার ঊর্ধ্বে উঠে ভ্রাতৃত্ব, মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। সীমান্তের কাঁটাতারের ওপার-এপারেও যে মানবিক সম্পর্ক ও সৌহার্দ্যের বন্ধন তৈরি হতে পারে, রাখি বন্ধনের দিনে গেদে সীমান্তের এই অনুষ্ঠান যেন তারই প্রতিচ্ছবি হয়ে উঠল।

সম্পর্কিত খবর