লক্ষ্মীপুজোর আগে মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষতি
দুর্গাপুর:- লক্ষ্মীপুজোর আগে উৎসবের মরশুমে ব্যবসার প্রস্তুতি চলছিল জোরকদমে। ক্রেতাদের চাহিদা মেটাতে তৈরি করে রাখা হয়েছিল নানা ধরনের মিষ্টি। ছ একাধিক তেলের টিন। কিন্তু উৎসবের আনন্দের আগেই আচমকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল সমস্ত প্রস্তুতি। লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে কার্যত মাথায় হাত দুর্গাপুরের সগড়ভাঙার মিষ্টি ব্যবসায়ী তপন সাউয়ের। শনিবার গভীর রাতে সগড়ভাঙার একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় দোকানের ভিতরে থাকা মিষ্টি, খাবার তৈরির বিভিন্ন উপকরণ এবং অন্যান্য সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানের প্রচুর সামগ্রী আগুনের গ্রাসে চলে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বেশ জনপ্রিয় ওই মিষ্টির দোকান। লক্ষ্মীপুজো উপলক্ষে মিষ্টির চাহিদা থাকায় আগাম প্রচুর মিষ্টি তৈরি করে রেখেছিলেন দোকান মালিক। পাশাপাশি বিভিন্ন খাবারের অর্ডার সামলাতে প্রয়োজনীয় উপকরণও মজুত করা হয়েছিল। কিন্তু আগুনে সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। পুড়ে নষ্ট হয়েছে মিষ্টি, খাবার তৈরির উপকরণ, তেলের টিন-সহ দোকানের একাধিক সামগ্রী।