তৃণমূল নেতার মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধার! গঙ্গাসাগরে চাঞ্চল্য
**গঙ্গাসাগর:** সাতসকালে মাংসের দোকান থেকে মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকার কৃষ্ণনগর বাজারে। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি রহস্যও দানা বেঁধেছে। ইতিমধ্যেই দোকানদারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর বাজারের বাসিন্দা শত্রুগণ দাস ওই এলাকার আইয়ুব আলী শেখের মাংসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দোকানদার তাঁকে একটি ব্যাগ দেন। প্রথমে তিনি মনে করেছিলেন, পাশের কোনও বাড়িতে দেওয়ার জন্য হয়তো মাংস রয়েছে ওই ব্যাগে।
কিন্তু ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ব্যাগের ভিতরে মাংসের পরিবর্তে পাওয়া যায় মানুষের একটি মাথার খুলি। বিষয়টি জানাজানি হতেই দ্রুত সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দোকানদার আইয়ুব আলী দাবি করেন, তাঁর নাবালক ছেলে খালের ধারে মাছ ধরতে গিয়ে ওই খুলিটি পেয়েছিল। এরপর কীভাবে সেটি দোকানে এল এবং কেন তা ব্যাগে রাখা হয়েছিল, তা নিয়েই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। মাথার খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে। খুলিটি কোথা থেকে এল, সেটি কতদিনের পুরনো এবং এর সঙ্গে কোনও অপরাধের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পাশাপাশি, দোকানদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আইয়ুব আলী শেখ এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। ফলে মাথার খুলি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই খুলিটি উদ্ধারের প্রকৃত রহস্যের কিনারা হতে পারে বলে মনে করা হচ্ছে।