বসতবাড়িতে হুড়মুড়িয়ে ঢুকল ১১০৯ ট্রাক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনজন
**মুর্শিদাবাদ:** রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ১১০৯ ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দিল দ্রুতগতির তেল ট্যাঙ্কার। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বসতবাড়ির দেওয়াল ভেঙে বাড়ির ভিতর ঢুকে পড়ল ১১০৯ ট্রাকটি। ভয়াবহ এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির ভিতরে থাকা তিনজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঞায়।
জানা গিয়েছে, বড়ঞা থানার অন্তর্গত কুলি চৌরাস্তার কাছে বাদশাহী সড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ১১০৯ ট্রাক। সেই সময় দ্রুতগতিতে আসা একটি তেল ট্যাঙ্কার পিছন দিক থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় ১১০৯ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়ির দিকে ছিটকে যায়।
এরপর মুহূর্তের মধ্যে বাড়িটির দেওয়ালে ধাক্কা মেরে সেটি ভেঙে হুড়মুড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ট্রাকটি। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন তিনজন। আচমকা বিকট শব্দ শুনে তাঁরা ঘুম থেকে উঠে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাঁদের দ্রুত বেরিয়ে আসার কারণেই বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনায় ১১০৯ ট্রাকের চালক আহত হয়েছেন বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি বাড়ির ভিতর থেকে সরিয়ে নেওয়া হয়।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং তেল ট্যাঙ্কারটির গতি কত ছিল, তা খতিয়ে দেখছে বড়ঞা থানার পুলিশ। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা ও যান চলাচল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।