হাওড়া স্টেশনে ৪৪ লক্ষ টাকা নগদসহ যাত্রী আটক, আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হল
**হাওড়া:** হাওড়া রেল স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা-সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৪ লক্ষ টাকা নগদ। আটক ব্যক্তির পরিচয় রোহিত কুমার সিং বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শিপ্রা এক্সপ্রেস (২২৯১১ ডাউন) ট্রেনে বিদিশা থেকে হাওড়ায় পৌঁছেছিলেন রোহিত কুমার সিং। তাঁর কাছে বিপুল পরিমাণ নগদ টাকা রয়েছে জানতে পেরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেন, সোনা কেনার জন্যই তিনি ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিলেন। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে যাতায়াতের বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত শুরু করা হয়।
ঘটনার খবর দেওয়া হয় আয়কর দফতরকে। এরপর উদ্ধার হওয়া ৪৪ লক্ষ টাকা নগদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপের জন্য আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
নগদ টাকার উৎস, ব্যবহারের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখছে আয়কর দফতর। তদন্তের পরই এই বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে যাতায়াতের প্রকৃত কারণ স্পষ্ট হবে।