রাস্তা নিয়ে বিবাদ, অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি! গর্ভপাতের অভিযোগ, হাওড়ায় চাঞ্চল্য
**হাওড়া:** সামান্য রাস্তা নিয়ে বিবাদকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, বচসার মধ্যে ওই মহিলার পেটে লাথি মারা হয়। এরপর রক্তপাত শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরিবারের দাবি, এই ঘটনার জেরে তাঁর দুই মাসের গর্ভ নষ্ট হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাঁকরাইলের রাধাদাসী এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জলের পাইপ বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ শুরু হয়। নির্যাতিতার স্বামী রমত মল্লিকের অভিযোগ, বচসা থামাতে তাঁর স্ত্রী ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্ত ফারহান মোল্লা ওরফে রমি মোল্লা তাঁর পেটে লাথি মারেন।
অভিযোগ, এরপরই ওই মহিলার রক্তপাত শুরু হয়। তাঁকে তড়িঘড়ি হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা গর্ভপাতের কথা জানান বলে দাবি পরিবারের।
পরিবারের দাবি, ওই মহিলা প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দীর্ঘ প্রায় ১০ বছর পর তাঁদের সন্তান আসার কথা ছিল। ফলে এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার পর সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে রমি মোল্লা ওরফে ফারহান মোল্লা, সুরজ মোল্লা-সহ কয়েকজনকে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই বিবাদ এবং হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।