বহু প্রতীক্ষার অবসান! পুজোর আগে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে শুরু ১২৫ দিনের কাজ, স্বস্তিতে শ্রমজীবী মানুষ
**হিঙ্গলগঞ্জ:** বহু প্রতীক্ষার অবসান। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে অবশেষে শুরু হল ১২৫ দিনের কাজ। হিঙ্গলগঞ্জের পশ্চিম মামুদপুরে প্রথমবার বিজেপি পরিচালিত রাজ্য সরকারের ‘জি রাম জি’-এর আওতায় এই কাজ শুরু হয়েছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
পশ্চিম মামুদপুরের **কুনেখালি সুইজগেট থেকে গৌড়েশ্বর নদীর পাড়ে নিতাই মালির জলকর** পর্যন্ত এলাকায় কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর পুজোর আগে কাজের সুযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে এলাকার বহু শ্রমজীবী মানুষের মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই কাজ শুরু হওয়ায় একদিকে যেমন সংসারের আর্থিক সমস্যার কিছুটা সুরাহা হবে, তেমনই বর্ষার পর এলাকার বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা মোকাবিলাতেও এই কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য **অমিত মণ্ডল** এবং মণ্ডলের সহ-সভাপতি **পার্থপ্রতিম জানা**-র দাবি, আগের রাজ্য সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে হিসাব সংক্রান্ত জটিলতার কারণে এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই জটিলতা কাটিয়ে নতুন করে ১২৫ দিনের কাজ শুরু হয়েছে বলে তাঁদের দাবি।
পুজোর মুখে কাজ শুরু হওয়ায় খুশি **লতিকা সরদার, প্রমীলা পাল, মহম্মদ কাদের শেখ**-সহ এলাকার বহু বাসিন্দা। তাঁদের বক্তব্য, এই কাজ তাঁদের পরিবারের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে। দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু হওয়ায় তাঁরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুজোর আগে হিঙ্গলগঞ্জে ১২৫ দিনের কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শ্রমজীবী পরিবারগুলির মধ্যে। দীর্ঘদিন কাজের অপেক্ষায় থাকা মানুষদের কাছে এই কর্মসংস্থান কতটা স্বস্তি এনে দেয়, এখন সেটাই দেখার।