কাঁকসার আলিনগরে বাড়ির ভিতর ঢুকে পড়ল ৭ ফুটের অজগর, আতঙ্ক পরিবারের মধ্যে
**কাঁকসা:** সাতসকালেই বাড়ির ভিতর ঢুকে পড়ল বিশালাকার অজগর! প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা অজগর সাপকে বাড়ির ভিতরে দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গলের আলিনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই একটি বাড়ির ভিতরে বিশালাকার অজগর সাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। বাড়ির মধ্যে এত বড় সাপ দেখে মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় করেন। নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
এরপর দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জের মলানদিঘী বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন তাঁরা।
বনকর্মীদের তৎপরতায় অজগরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ফুট। পরে সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।