প্লাস্টিকে মোড়া রহস্যময় দেহ উদ্ধার, মানুষের লাশ ভেবে চাঞ্চল্য আড়ংঘাটায়! তদন্তে মিলল অন্য তথ্য
**নদিয়া:** নদীতে ভেসে আসা মুখবন্ধ প্লাস্টিকের প্যাকেট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার আড়ংঘাটায়। প্যাকেটের ভিতর থেকে মাথাবিহীন ও ক্ষতবিক্ষত একটি দেহ উদ্ধার হওয়ার পর সেটি মানুষের নাকি কোনও পশুর দেহ, তা নিয়ে তৈরি হয় তীব্র আতঙ্ক। দীর্ঘ তদন্ত ও চিকিৎসকদের পরীক্ষার পর অবশেষে কাটল সেই ধোঁয়াশা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়ংঘাটা শ্মশানঘাট সংলগ্ন চুন্নি নদীতে একটি মুখবন্ধ প্লাস্টিকের প্যাকেট ভেসে থাকতে দেখা যায়। নদীতে থাকা স্থানীয় মৎস্যজীবীদের নজরে আসে বিষয়টি। কিছুক্ষণ পর প্যাকেটটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় সন্দেহ আরও বাড়ে। এরপর খবর দেওয়া হয় আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি নদী থেকে উদ্ধার করে ডাঙায় তোলে। এরপর সেটি খুলতেই ভিতরে একটি মাথাবিহীন ও ক্ষতবিক্ষত দেহ দেখতে পান পুলিশকর্মীরা। দীর্ঘক্ষণ জলে ভেসে থাকার কারণে দেহটি বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে সেটি মানুষের নাকি কোনও পশুর দেহ, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয় নানা জল্পনা। বিষয়টির গুরুত্ব বুঝে চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়।
শেষ পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, উদ্ধার হওয়া দেহটি কোনও মানুষের নয়। সেটি একটি পশুর দেহ। প্রাথমিকভাবে সেটি গরুর বাছুরের দেহ বলে অনুমান করা হচ্ছে।
চিকিৎসকদের রিপোর্ট সামনে আসার পরই স্বস্তি ফেরে আড়ংঘাটা এলাকায়। মানুষের দেহ উদ্ধারের আশঙ্কা দূর হওয়ায় আপাতত শান্ত হয়েছে পরিস্থিতি। তবে কীভাবে ওই পশুর দেহটি প্লাস্টিকে মোড়া অবস্থায় নদীতে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে এখনও প্রশ্ন রয়েছে।