ঘাটালে বাড়ির পেয়ারা গাছে মিলল বিরল ক্যামিলিয়ন, উদ্ধার করল বনদপ্তর
**ঘাটাল:** পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুরাণ গ্রামে বাড়ির পেয়ারা গাছে প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি ক্যামিলিয়ন দেখতে পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরাণ গ্রামের বাসিন্দা কার্তিক পণ্ডিতের বাড়ির পেয়ারা গাছে হঠাৎই ক্যামিলিয়নটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। অচেনা প্রাণীটিকে ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাবধানে ক্যামিলিয়নটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ক্যামিলিয়ন বর্তমানে বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় রয়েছে। তাই কোথাও ক্যামিলিয়ন দেখতে পাওয়া গেলে সেটিকে ধরার বা আঘাত করার পরিবর্তে দ্রুত বনদপ্তরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।
বাড়ির গাছে বিরল এই প্রাণীর উপস্থিতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ালেও, বনদপ্তরের তৎপরতায় সেটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি এলাকাবাসীর।