নানা পাটেকরের প্রয়াণে শোক শমীক ভট্টাচার্যের, বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলা নিয়েও সরব বিজেপি
**শিলিগুড়ি:** অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা পাটেকরের স্মৃতিচারণ করেন বিজেপির রাজ্য সভাপতি।
শমীক ভট্টাচার্য বলেন, **নানা পাটেকর ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও সংবেদনশীল অভিনেতা।** চলচ্চিত্র জগতের প্রচলিত তারকা-সংস্কৃতির বাইরে থেকেও তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। মানুষের পাশে থাকারও চেষ্টা করতেন তিনি। তাঁর প্রয়াণ ভারতীয় সাংস্কৃতিক জগতের জন্য বড় ক্ষতি বলেও মন্তব্য করেন শমীক।
এদিন সিপিআই(এম) নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে মদের বোতল ছোড়ার অভিযোগ নিয়েও প্রতিক্রিয়া জানান বিজেপির রাজ্য সভাপতি। ঘটনার বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই বলে জানান তিনি। তবে অভিযোগ সত্যি হলে এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন শমীক।
তিনি বলেন, **যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা অন্যায় করেছে।** একই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে শমীকের অভিযোগ, দীর্ঘদিনের শাসনে সমাজে এক শ্রেণির দুষ্কৃতী তৈরি হয়েছে।
তবে বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগের নেপথ্যে ব্যক্তিগত রেষারেষি কিংবা সমাজবিরোধীদের ক্ষোভের বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসার পরই বিষয়টি আরও স্পষ্ট হবে বলেও ইঙ্গিত দেন বিজেপির রাজ্য সভাপতি।