দুর্গাপুরে ওষুধের দোকানের মালিকের বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ২৮৫ বোতল ফেনসিডিল ও নিষিদ্ধ ওষুধ
দুর্গাপুর: বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ ও ফেনসিডিল সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। ২৮৫ বোতল ফেনসিডিল সিরাপ, নিষিদ্ধ ট্যাবলেট এবং গাঁজার প্যাকেট-সহ গ্রেফতার হলেন এক ওষুধের দোকানের মালিক। ধৃতের নাম সুদীপ মুখোপাধ্যায়। সোমবার রাতে নিউ টাউনশিপ থানার পুলিশের অভিযানে ফুলঝোড় মোড় থেকে স্টিল পার্ক মোড় সংলগ্ন এলাকার তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় নিউ টাউনশিপ থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপ, বিপুল সংখ্যক নিষিদ্ধ ট্যাবলেট এবং বেশ কয়েকটি গাঁজার প্যাকেট। এরপরই বাড়ির মালিক সুদীপ মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন তদন্তকারীরা।
একজন ওষুধের দোকানের মালিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কী উদ্দেশ্যে এই সমস্ত সামগ্রী মজুত করা হয়েছিল? কোথা থেকে আনা হয়েছিল এই নিষিদ্ধ ওষুধ? কোথায় বা কাদের কাছে সেগুলি সরবরাহ করার পরিকল্পনা ছিল? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানান, ফুলঝোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে প্রায় ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপ এবং নিষিদ্ধ ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।
এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধের পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, নাকি এর সঙ্গে আরও কেউ জড়িত, এখন সেই দিকেই নজর তদন্তকারীদের।