দিঘার সমুদ্র সৈকতে আর বসবে না হকারদের দোকান! পর্যটকদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত প্রশাসনের
দিঘা: পর্যটকদের ভিড় বাড়ছে দিঘায়। আর সেই ভিড় সামাল দিতে এবং পর্যটকদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। এবার থেকে দিঘার সমুদ্র সৈকতে আর ব্যবসা করতে পারবেন না হকাররা। সৈকতকে হকারমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে দিঘায় যাতায়াতের সুবিধা অনেকটাই বেড়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের আনাগোনা। বিশেষ করে সামনেই কালীপুজো, এরপর বড়দিন এবং ইংরেজি নববর্ষ। এই উৎসবের মরশুমে দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। সেই কথা মাথায় রেখেই সমুদ্র সৈকতে হকারদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, সমুদ্র সৈকতে নেমেই ব্যবসা করছিলেন একাংশের হকার। পর্যটকরা তাঁদের কাছ থেকে খাবার ও অন্যান্য সামগ্রী কেনার পর ব্যবহৃত প্যাকেট এবং আবর্জনা সৈকতেই ফেলে দিচ্ছিলেন। এর ফলে সমুদ্রতীরের পরিবেশ নোংরা হচ্ছিল। পাশাপাশি পর্যটকদের স্বাভাবিক চলাফেরাতেও সমস্যা তৈরি হচ্ছিল।
প্রশাসনিক আধিকারিকদের আশা, সৈকত হকারমুক্ত থাকলে একদিকে যেমন পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে, অন্যদিকে সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখাও সম্ভব হবে।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দিঘায় বেড়াতে আসা পর্যটকরা। পাশাপাশি দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
পর্যটন মরশুমের আগে দিঘার সমুদ্র সৈকতকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটকবান্ধব করে তুলতেই প্রশাসনের এই পদক্ষেপ। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে সৈকতে ব্যবসা করা হকারদের জীবিকায় কী প্রভাব পড়ে, এখন সেদিকেও নজর থাকবে।