ঝাড়গ্রামের কলাবনিতে ভয়াবহ দুর্ঘটনা! লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক
**ঝাড়গ্রাম:** সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঝাড়গ্রামের কলাবনিতে। ৫ নম্বর রাজ্য সড়কের বইরা এলাকায় মালবোঝাই লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক। দুর্ঘটনায় দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা নাগাদ ঝাড়গ্রাম থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় ‘আলাপ’ নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি কলাবনি পার করে বইরা এলাকায় পৌঁছতেই একটি মালবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি গাড়ির চালক গুরুতর আহত হন। পাশাপাশি বাসে থাকা একাধিক যাত্রীও আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ ও উদ্ধারকারী দলের তৎপরতায় আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনার জেরে ৫ নম্বর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।
সাতসকালে ব্যস্ত রাস্তায় যাত্রীবাহী বাস ও মালবোঝাই লরির এমন মুখোমুখি সংঘর্ষে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।