ধোঁয়ার জেরে শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার অভিযোগ, দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের দাবি স্থানীয়দের
**জামুড়িয়া:** ইসিএলের কেন্দা এরিয়ার অন্তর্গত নিউ কেন্দা OCP-এর কুয়োরি নম্বর-২ থেকে গত পাঁচ দিন ধরে লাগাতার ধোঁয়া বের হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। সোমবার বৃষ্টি থামার পর আচমকাই ওই OCP এলাকা থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনায় উদ্বেগে পড়েছেন কুয়োরি সংলগ্ন এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ধোঁয়ার কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি চোখে জ্বালাপোড়া-সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যারও অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, সোমবার ধোঁয়ার পরিমাণ আরও বেড়ে যায়। এর ফলে ২ নম্বর কাহার পাড়া, সালডাঙা, কেন্দা বাউরি পাড়া-সহ আশপাশের এলাকার কয়েকশো পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন ধোঁয়া বের হওয়ায় বাড়িতে থাকাও কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয়দের একাংশের আশঙ্কা, কয়লায় আগুন লাগার কারণে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হতে পারে। তবে ধোঁয়ার মধ্যে ঠিক কী ধরনের গ্যাস রয়েছে এবং তার মাত্রা কতটা, তা পরীক্ষা না করে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরীক্ষা এবং ইসিএলের তদন্তের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে পরিস্থিতি চললেও ইসিএল কর্তৃপক্ষের তরফে এখনও প্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ধোঁয়ার উৎস চিহ্নিত করতে হবে এবং আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন হলে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।
স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ বাউরি, প্রশান্ত গোপ এবং বাবন বাউরির দাবি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে পারে।